Logo

সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া, কাকে আনছে বাংলাদেশে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ২০:০৪
সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া, কাকে আনছে বাংলাদেশে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হারের পর দলের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে বাংলাদেশে আনার প্রস্তুতি নিয়েছে সফরকারীরা। চোটের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে না পারা এ তারকাকে আজ রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে টসে নামার কথা ছিল মার্শের। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি দলের সঙ্গে বাংলাদেশে আসতে পারেননি। ফলে অধিনায়কের দায়িত্ব পালন করেন জশ ইংলিস।

ইংলিসের নেতৃত্বে শুরুটা মোটেও সুখকর হয়নি অস্ট্রেলিয়ার জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৬ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা। আর এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয় তুলে নেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। দীর্ঘ অপেক্ষার পর আবারও অসিদের বিপক্ষে জয় পাওয়ায় সিরিজে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া। তাই বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে দলের অভিজ্ঞ ও নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি অস্ট্রেলিয়ার জন্য বড় শক্তি হিসেবেই দেখা হচ্ছে।

সিরিজে সমতা ফেরানোর ব্যাপারে অস্ট্রেলিয়া কতটা মরিয়া, তার ইঙ্গিত মিলেছে তাদের প্রস্তুতিতেও। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সাধারণত বিশ্রামে থাকার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অনুশীলনের জন্য মাঠে যেতে চেয়েছিলেন। হোটেলে বসে সময় কাটানোর বদলে তারা মিরপুরে অনুশীলনের পরিকল্পনা করেছিলেন।

বিজ্ঞাপন

তবে প্রকৃতির বাধায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দিনের বৃষ্টির কারণে অনুশীলন কার্যক্রম ভেস্তে যায় এবং ক্রিকেটারদের ফিরে যেতে হয়।

এর আগে মিচেল মার্শের শারীরিক অবস্থা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছিলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে থেকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন। বাংলাদেশ সফরে তার অংশগ্রহণের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলেও সে সময় উল্লেখ করা হয়েছিল।

বিজ্ঞাপন

অন্যদিকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘কোড স্পোর্টস’ আগেই নিশ্চিত করেছিল যে, প্রথম ওয়ানডেতে মার্শকে পাওয়া যাবে না। তবে সিরিজে টিকে থাকার লড়াইয়ে এখন তাকে দ্রুত বাংলাদেশে এনে দলে যুক্ত করার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD