Logo

ম্যারাডোনার ‘হাত দিয়ে’ গোল করা মাঠেই পর্দা উঠছে বিশ্বকাপের

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ২৪:১৫
ম্যারাডোনার ‘হাত দিয়ে’ গোল করা মাঠেই পর্দা উঠছে বিশ্বকাপের
ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের যাত্রা। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। এই আয়োজনের মাধ্যমে বিশ্ব ফুটবলে অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছে স্টেডিয়ামটি।

বিজ্ঞাপন

ফুটবল বিশ্বের আর কোনো স্টেডিয়ামের নেই এমন কীর্তি। এস্তাদিও আজতেকা হতে যাচ্ছে ইতিহাসের প্রথম স্টেডিয়াম, যেখানে তিনটি ভিন্ন ফিফা বিশ্বকাপ—১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬ সালের আসরের ম্যাচ আয়োজন করা হবে। ফলে বিশ্বকাপ ইতিহাসে বিশেষ মর্যাদা পেতে যাচ্ছে মেক্সিকোর এই বিখ্যাত ভেন্যু।

আর সেই উপলক্ষকে আরও বিশেষ করে তুলতে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হবে ফুটবলের দুই প্রয়াত মহাতারকা পেলে ও দিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার সংবাদপত্র ক্লারিন-এর বরাতে এমন খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো।

বিজ্ঞাপন

ফুটবল ইতিহাসে এস্তাদিও আজতেকার নাম উচ্চারিত হয় অসংখ্য স্মরণীয় ঘটনার সঙ্গে। বিশেষ তাৎপর্যপূর্ণ হলো, ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনা—দুজনই নিজেদের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ জয় করেছেন এই মাঠকে কেন্দ্র করে।

১৯৭০ বিশ্বকাপে পেলের নেতৃত্বে ব্রাজিলের তৃতীয় শিরোপা জয়ের সাক্ষী ছিল আজতেকা। আর ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্স ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে এই ভেন্যুর সঙ্গে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং কয়েক মিনিট পর করা অবিশ্বাস্য একক প্রচেষ্টার গোল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।

বিজ্ঞাপন

ম্যাচের ৫৫তম মিনিটে গোলশূন্য অবস্থায় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের দখল নিতে গিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে যাওয়া সেই গোল পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। এরপর তিনি মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি করেন, সেটি এখনো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত। সেই ম্যাচ জিতে সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।

এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের বহু ঐতিহাসিক ম্যাচ আয়োজন করেছে এস্তাদিও আজতেকা। এবার ২০২৬ বিশ্বকাপে ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপ আয়োজনের অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে মেক্সিকো সিটির এই কিংবদন্তি ভেন্যু।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD