Logo

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত বাফুফে সভাপতি তাবিথ

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ জুন, ২০২৬, ২৪:৪০
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত বাফুফে সভাপতি তাবিথ
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের উদ্বোধন ঘিরে এখন উত্তেজনায় মগ্ন গোটা বিশ্ব। আর কিছুক্ষণ পর মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠছে ২০২৬ বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া ব্যক্তিত্ব ও ফুটবল সংগঠকদের আমন্ত্রণ জানিয়েছে ফিফা।

বিজ্ঞাপন

ফিফার সদস্যভুক্ত বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন।

১৯৩০ সালে যাত্রা শুরু করা বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকো এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে স্বাগতিকের দায়িত্ব পালন করেছিল। চার দশক পর আবারও দেশটিতে ফিরেছে বিশ্বকাপ। তবে এবার মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আসরটির আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

বিজ্ঞাপন

মেক্সিকোতে অনুষ্ঠিত আগের দুই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু ছিল আজতেকা স্টেডিয়াম। এবারও উদ্বোধনী ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়ছে এই স্টেডিয়াম। বিশ্বকাপের তিনটি উদ্বোধনী ম্যাচের সাক্ষী হওয়া প্রথম ও একমাত্র ভেন্যুতে পরিণত হয়েছে এটি।

স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন বাফুফের সভাপতি ও সাধারণ সম্পাদকও।

বিশ্বকাপ চলাকালে সাধারণত বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবল কার্যক্রম কিছুটা সীমিত হয়ে আসে। সম্প্রতি হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমাদের আন্তর্জাতিক ম্যাচসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করেছে বাফুফে। জুন-জুলাইয়ে দলবদল কার্যক্রম ছাড়া উল্লেখযোগ্য কোনো সূচি না থাকায় তাবিথ আউয়াল বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকো সফরে রয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ দেখার পাশাপাশি তিনি গুয়াদালাহারায় আরও একটি ম্যাচ উপভোগ করতে পারেন। পরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কিছু ম্যাচও দেখার সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আগামী সপ্তাহেই দেশে ফিরে আসবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD