Logo

বাংলাদেশের ব্রাজিল-প্রেম নিয়ে মুগ্ধ ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ জুন, ২০২৬, ১৭:৪১
বাংলাদেশের ব্রাজিল-প্রেম নিয়ে মুগ্ধ ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের সমর্থকদের আবেগ ও উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার সেই ভালোবাসা পৌঁছে গেছে ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমের শিরোনামে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস, তা দেখে বিস্ময় ও প্রশংসা প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন শহর, গ্রাম ও জনপদে ছড়িয়ে পড়া সবুজ-হলুদ আবহ এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে লাতিন আমেরিকাতেও। হাজার হাজার কিলোমিটার দূরের একটি দেশের মানুষ কীভাবে ব্রাজিলকে নিজেদের দলের মতো ভালোবাসে, সেটিই উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

ব্রাজিলের শীর্ষস্থানীয় গণমাধ্যম গি গ্লোবোসহ কয়েকটি সংবাদমাধ্যম বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির মাধ্যমে দেখানো হয়েছে—বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের অলিগলি, বাড়ির ছাদ, সড়ক এবং খোলা মাঠ কীভাবে ব্রাজিলের পতাকা ও রঙে সেজে উঠেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, প্রায় ১৭ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে অনেক নিচের দিকে অবস্থান করলেও ফুটবল নিয়ে এখানকার মানুষের আবেগ কোনো অংশে কম নয়। নিজেদের জাতীয় দল বিশ্বকাপে অংশ না নিলেও ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলকে ঘিরে সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা বিশ্বের অনেক দেশের জন্যই বিস্ময়ের বিষয়।

বিশেষ করে ব্রাজিলিয়ান সাংবাদিকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাস্তাঘাট, ভবনের ছাদ এবং পাড়া-মহল্লাজুড়ে ব্রাজিলের পতাকা ও ব্যানারের উপস্থিতি। বিশ্বকাপের সময় দেশের জাতীয় পতাকার পাশাপাশি ব্রাজিলের সবুজ-হলুদ কিংবা আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজানো দৃশ্য তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা বলে বিবেচিত হয়েছে।

বাংলাদেশে ব্রাজিল সমর্থনের ঐতিহাসিক পটভূমিও তুলে ধরা হয়েছে এসব প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, বিংশ শতাব্দীর ষাটের দশকে কিংবদন্তি ফুটবলার পেলে ও গারিঞ্চার নৈপুণ্যে মুগ্ধ হয়ে বাংলাদেশে ব্রাজিল-ভক্তির সূচনা ঘটে। পরে জিকো, সক্রেটিসসহ ব্রাজিলের স্বর্ণযুগের খেলোয়াড়দের সময় এবং রঙিন টেলিভিশনের প্রসারের ফলে এই সমর্থন আরও বিস্তৃত ও স্থায়ী রূপ পায়।

বিজ্ঞাপন

বাংলাদেশের ফুটবল উন্মাদনাকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে ইতোমধ্যে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত হয়েছে। ‘ঢাকা ভাইব্রা – ফুটবল অ্যাডভেঞ্চারস ইন বাংলাদেশ’ শিরোনামের ওই প্রামাণ্যচিত্রে দেশের ফুটবলপ্রেমী মানুষের আবেগ, সমর্থন সংস্কৃতি এবং বিশ্বকাপ ঘিরে উৎসবমুখর পরিবেশ তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রটির পরিচালক রাফায়েল বারগামাস্কি বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে জানান, ঢাকায় এসে তিনি গভীরভাবে মুগ্ধ হয়েছেন। তার মতে, ব্রাজিলের ফুটবল সংস্কৃতি, খেলোয়াড়দের প্রতি ভালোবাসা এবং ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতাকে বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতির অংশ হিসেবে গ্রহণ করেছে, যা সত্যিই ব্যতিক্রমী।

বিজ্ঞাপন

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের দেয়ালচিত্র নিয়েও বিশেষভাবে আলোচনা করেছে। পেলে, রোনালদো, রোনালদিনিয়ো, নেইমার ও বর্তমান প্রজন্মের তারকাদের বিশাল সব ম্যুরাল এবং দেয়ালচিত্র তাদের প্রতিবেদনে স্থান পেয়েছে।

তবে বাংলাদেশের ফুটবল উন্মাদনার কিছু নেতিবাচক দিকও নজরে এসেছে বিদেশি সংবাদমাধ্যমের। সম্প্রতি হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার ঘটনাও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ইতিবাচক আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের যে আবেগ ও সম্পৃক্ততা, তা এখন আন্তর্জাতিক পরিসরেও পরিচিত একটি বিষয় হয়ে উঠেছে। মাঠে যখন ব্রাজিলের তারকারা লড়াইয়ে নামবেন, তখন বিশ্বের অন্য প্রান্তে থাকা লাখো বাংলাদেশিও একই আবেগে তাদের সমর্থন জানাবে—এ কথাটি এখন ব্রাজিলিয়ানরাও ভালোভাবেই উপলব্ধি করতে শুরু করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD