প্রথম ম্যাচে ড্র, ব্রাজিলের সামনে অস্বস্তিকর পরিসংখ্যান

বিশ্বকাপ মিশনের শুরুতেই প্রত্যাশিত জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে সেলেসাওরা। তবে শেষ পর্যন্ত আর জয়ের দেখা মেলেনি। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।
বিজ্ঞাপন
এই ফলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো উদ্বোধনী ম্যাচে জয়বঞ্চিত হলো ব্রাজিল। একই সঙ্গে সামনে এসেছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান। বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র করার পর এখন পর্যন্ত কোনোবারই শিরোপা জিততে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।
এর আগে তিনটি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র, ১৯৭৮ সালে সুইডেনের সঙ্গে ১-১ এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতা নিয়ে শুরু হয়েছিল তাদের অভিযান। তবে ওই তিন আসরের কোনোটিতেই ট্রফি জিততে পারেনি সেলেসাওরা।
বিজ্ঞাপন
১৯৭৪ বিশ্বকাপে ব্রাজিল চতুর্থ স্থান অর্জন করে। ১৯৭৮ সালে তারা তৃতীয় হলেও শিরোপার নাগাল পায়নি। আর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে।
অন্যদিকে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপজয়ী অভিযানের দিকে তাকালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপে তারা প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করেছিল। পরে প্রতিটি আসরেই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতে সেলেসাওরা।
বিজ্ঞাপন
তবে পরিসংখ্যান সব সময় ভবিষ্যৎ নির্ধারণ করে না। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ব্রাজিলের ভাগ্য। এখন দেখার বিষয়, কার্লো আনচেলত্তির শিষ্যরা এবারের বিশ্বকাপে কতদূর এগোতে পারে।
প্রথম ম্যাচ ড্র হওয়া ব্রাজিলের বিশ্বকাপ অভিযান
আসর প্রতিপক্ষ ফলাফল
বিজ্ঞাপন
২০২৬ মরক্কো ১-১, ২০১৮ সুইজারল্যান্ড ১-১, ১৯৭৮ সুইডেন ১-১, ১৯৭৪ যুগোস্লাভিয়া ০-০








