Logo

জোতার স্মৃতি হৃদয়ে নিয়েই বিশ্বকাপ জয়ের মিশনে পর্তুগাল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জুন, ২০২৬, ১৩:৪৫
জোতার স্মৃতি হৃদয়ে নিয়েই বিশ্বকাপ জয়ের মিশনে পর্তুগাল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে টুর্নামেন্টে যাত্রা শুরু করতে যাচ্ছে পর্তুগাল। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও দলটির জন্য এবারের আসরটি আবেগে ভরপুর। কারণ, প্রয়াত ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মৃতি হৃদয়ে ধারণ করেই বিশ্বকাপ মিশনে নামছেন পর্তুগিজ ফুটবলাররা।

বিজ্ঞাপন

আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই শিরোপা নিয়ে বাড়তি আলোচনা বা হিসাব-নিকাশে যেতে রাজি নন দলটির খেলোয়াড়রা। তাদের লক্ষ্য একেকটি ম্যাচ ধরে এগিয়ে যাওয়া এবং ধাপে ধাপে নিজেদের সেরাটা তুলে ধরা।

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালের প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই অনুষ্ঠানে দলের প্রত্যেক সদস্যকে একটি বিশেষ ব্রেসলেট উপহার দেওয়া হয়। ব্রেসলেটগুলোতে সংশ্লিষ্ট খেলোয়াড়ের নামের পাশাপাশি লেখা ছিল প্রয়াত দিয়োগো জোতার নামও।

বিজ্ঞাপন

গত বছরের জুলাইয়ে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।

তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কোচ রবার্তো মার্তিনেজ এবার তাকে ‘সম্মানসূচক সদস্য’ হিসেবে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন।

বিজ্ঞাপন

ব্রেসলেটটি হাতে পরে ভিতিনিয়া বলেন, ‘আমরা এটিকে অনেক ভালোবাসা ও আবেগের সঙ্গে গ্রহণ করেছি।’

এদিকে পর্তুগাল দলে আছেন অভিজ্ঞ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তার উপস্থিতি দলটির প্রতি সমর্থক ও বিশ্লেষকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই পর্তুগালকে এবার বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করছেন। তবে খেলোয়াড়দের মতে, অতিরিক্ত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং প্রতিটি ম্যাচে মনোযোগ ধরে রেখে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই তাদের মূল পরিকল্পনা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD