দারুন শুরুর পর চোটে মাঠ ছাড়লেন লিটন

মিরপুরের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। মাঠে থাকার সময় বারবার গরমের প্রভাব তার ওপর স্পষ্টভাবে দেখা গেছে। অস্বস্তি কাটাতে তিনি কখনও ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছেছেন, আবার কখনও ঘাড়ে ভেজা রুমাল ঝুলিয়ে রেখেছেন।
বিজ্ঞাপন
তবে এত কিছুর পরও স্বস্তি মেলেনি তার। গরম ও আর্দ্রতার কারণে শারীরিকভাবে বেশ ভুগতে দেখা যায় তাকে। একপর্যায়ে পায়ের পেশিতে টান অনুভব করেন লিটন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে মাঠে স্বাভাবিকভাবে চলাফেরা করাও তার জন্য কঠিন হয়ে পড়ে।
পেশিতে টান লাগার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যান এই ব্যাটার। তার মাঠ ছাড়ার দৃশ্য দেখে সতীর্থ ও সমর্থকদের মধ্যেও কিছুটা উদ্বেগ দেখা দেয়। যদিও তাৎক্ষণিকভাবে তার চোটের গুরুতরতা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
বিজ্ঞাপন
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় বিদায় নেন সৌম্য সরকার। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। দুইজন মিলে অজি পেসারদের ভালোই সামাল দিচ্ছিলেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে তামিম বিদায় নেওয়ায় ভাঙে ৫১ রানের জুটি।
অধিনায়ক শান্তও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। ৫০ বলে ২৪ করে বিদায় নেন তিনি। এরপর দলের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময় বাড়তে ব্যাটের গতি বাড়িয়েছেন লিটন। হৃদয় সঙ্গে নিয়ে করেছেন ৯২ রানের অপরাজিত জুটি। কিন্তু আচমকা পায়ের পেশিতে টান পড়ায় ফিফটির আগেই মাঠ ছেড়েছেন লিটন।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮২ রান। হৃদয় ৪৪ ও মোসাদ্দেক ২১ রানে অপরাজিত আছেন।
এদিকে ম্যাচের শুরুতে একাদশে একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ। ইনজুরিতে পড়া মেহেদী মিরাজের বদলে একাদশে ফিরেছেন শেখ মেহেদী হাসান। ওয়ানডে একাদশে প্রায় তিন বছর পর ফিরলেন তিনি। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকেও। তার পরিবর্তে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।








