আইডল নেইমার হলেও সেরার আসনে মেসিকেই রাখলেন ইয়ামাল

ফুটবলের নতুন প্রজন্মের আলোচিত তারকা লামিনে ইয়ামাল আবারও আলোচনায়। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের জায়গা তৈরি করে নেওয়া এই তরুণ তারকা জানিয়েছেন, তার আইডল নেইমার হলেও সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তিনি মেসিকেই এগিয়ে রাখেন।
বিজ্ঞাপন
বিশ্বকাপ চলাকালীন দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালের মন্তব্য ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। তিনি বলেন, “মেসিই সর্বকালের সেরা ফুটবলার। তিনি প্রতিটি ম্যাচেই তা প্রমাণ করে চলেছেন। কারও যদি এতে সন্দেহ থাকে, সে খুঁজে দেখতে পারে। আমার আইডল নেইমার হলেও, সেরা খেলোয়াড় মেসিই।”
ফুটবলবিশ্বে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। একদিকে মেসির ধারাবাহিক পারফরম্যান্স ও পরিসংখ্যান, অন্যদিকে নেইমারের নৈপুণ্য ও ঝলক—দুজনেই আধুনিক ফুটবলের সেরা তারকাদের কাতারে অবস্থান করছেন। তবে ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ারে প্রত্যাশিত ধারাবাহিকতা অনেক সময় ব্যাহত হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে বিশ্বকাপের শুরুতেই ঝড় তুলেছেন মেসি। হ্যাটট্রিকে নিজের ফর্মের জানান দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন শিরোপার দৌড়ে। অন্যদিকে চোটের কারণে এখনও মাঠের বাইরে আছেন নেইমার, যা ব্রাজিল শিবিরের জন্য বড় দুশ্চিন্তা বটে। যদিও কোচ আনচেলত্তি নেইমারকে পরের ম্যাচে পাওয়ার খবর জানিয়েছেন।
চোটের মধ্যেও বিশ্বকাপে খেলছেন ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে অভিষেক ম্যাচ খেললেও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন তিনি। নিজের শারীরিক অবস্থা নিয়ে ইয়ামাল বলেন, “আমি আগের চেয়ে ভালো আছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পুরো ম্যাচ খেলার অবস্থায় এখনও নেই, তবে মাঠে থাকতে চাই।”
বিজ্ঞাপন








