Logo

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ জুন, ২০২৬, ২৩:৩৯
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তি গড়ল টাইগ্রেসরা। ব্যাট হাতে শুরুতে ধাক্কা খেলেও স্বর্ণা আক্তারের ঝোড়ো ইনিংস এবং পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

বিজ্ঞাপন

সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে দল। মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। এমন অবস্থায় ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক প্রান্ত ধরে রেখে তিনি ৩৮ বলে ৩৬ রান করেন। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

মাঝের ধাক্কা সামলে শেষদিকে দলের স্কোরে গতি যোগ করেন স্বর্ণা আক্তার। সাত নম্বরে নেমে মাত্র ২২ বলে ৫ চারসহ অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার কার্যকর ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নতুন বলে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই মেইডেন আদায় করেন এই পেসার। যদিও প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। নাহিদা আক্তার ৪৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন।

এরপর স্পিন আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার সুশৃঙ্খল বোলিং পাকিস্তানের রান তোলার গতি থামিয়ে দেয়। মাঝের ওভারগুলোতে ধারাবাহিক ডট বলের চাপে প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকে।

বিজ্ঞাপন

শেষ দিকে রান তোলার চাপ সামলাতে গিয়ে ঝুঁকিপূর্ণ শট খেলতে শুরু করে পাকিস্তানের ব্যাটাররা। কিন্তু তাতে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। ফলে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD