Logo

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টির উৎসবে মেতেছে আর্জেন্টিনা দল

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৬:৫৮
অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টির উৎসবে মেতেছে আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অভিযান জয় দিয়ে শুরু করার পর দারুণ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে আর্জেন্টিনা দল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলীয় পরিবেশও চাঙ্গা রাখতে নিজেদের ঐতিহ্যবাহী ‘আসাদো’ বা বারবিকিউ আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই আয়োজন ঘিরে ফুটবলারদের মধ্যে দেখা গেছে উৎসবমুখর আবহ।

বিজ্ঞাপন

আগামীকাল ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই দলের বেস ক্যাম্পে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টির। আর্জেন্টাইন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ‘আসাদো’ বড় টুর্নামেন্ট বা গুরুত্বপূর্ণ অভিযানের আগে দলীয় বন্ধন আরও দৃঢ় করতে নিয়মিত আয়োজন করা হয়।

রবিবার সকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই আয়োজনের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, দলের খেলোয়াড়রা হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন, গল্প করছেন এবং বারবিকিউ প্রস্তুতিতে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

বিশেষ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। ‘বাজপাখি’ নামে পরিচিত এই তারকা গোলরক্ষককে বারবিকিউর পাশে নাচতে এবং সতীর্থদের সঙ্গে আনন্দ করতে দেখা গেছে। তার প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

ভিডিওতে আরও দেখা যায়, কেউ বারবিকিউ করা মাংস উপভোগ করছেন, কেউ আবার রান্নার কাজে ব্যস্ত। স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে মোবাইল ফোনে কিছু দেখিয়ে সতীর্থদের সঙ্গে আলাপ করতে দেখা যায়। পুরো আয়োজন জুড়ে ফুটে ওঠে একটি ঐক্যবদ্ধ ও পারিবারিক পরিবেশ, যা দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। ১৭ জুন কানসাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় দলটি।

বিজ্ঞাপন

তবে ওই ম্যাচকে ঘিরে কিছু বিতর্কও তৈরি হয়েছে। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির কাছ থেকে বল দখলের একটি ঘটনায় মেসির ট্যাকল নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আলজেরিয়া ফুটবল কর্তৃপক্ষ ফিফার কাছে অভিযোগ জানিয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

এদিকে, আর্জেন্টিনার সামনে এখন অস্ট্রিয়ার চ্যালেঞ্জ। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না লিওনেল স্কালোনির দল।

বিজ্ঞাপন

এই ম্যাচেও নজর থাকবে লিওনেল মেসির দিকে। ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া এই মহাতারকার সামনে আরও বেশ কয়েকটি নতুন মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু আর্জেন্টিনার জন্য নয়, মেসির ব্যক্তিগত অর্জনের দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে।

গ্রুপপর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচও অনুষ্ঠিত হবে ডালাসেই। আগামী ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আকাশি-সাদা জার্সিধারীরা। তার আগে অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথ আরও সহজ করতে চাইবে দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD