Logo

রোনালদোকে বাদ দেওয়ার আলোচনায় যা বললেন পর্তুগাল কোচ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুন, ২০২৬, ২০:৫৪
রোনালদোকে বাদ দেওয়ার আলোচনায় যা বললেন পর্তুগাল কোচ
ছবি: সংগৃহীত

ডিআর কঙ্গোর বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৪১ বছর বয়সী এই তারকার নিষ্প্রভ উপস্থিতির পর অনেকেই তাকে শুরুর একাদশের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন। তবে এমন ভাবনায় মোটেও একমত নন পর্তুগাল জাতীয় দলের কোচ রবের্তো মার্তিনেস।

বিজ্ঞাপন

বরং উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে রোনালদোর নামই উচ্চারণ করেছেন তিনি। মার্তিনেসের বিশ্বাস, প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি এবং গোলের সুযোগ তৈরিতে এখনো রোনালদোর ভূমিকা অনন্য।

মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব তুলে ধরে মার্তিনেস বলেন, তার দল বলের নিয়ন্ত্রণ ধরে রেখে দ্রুত আক্রমণে যেতে পছন্দ করে। এ ধরনের কৌশলে এমন একজন ফুটবলারের প্রয়োজন হয়, যিনি প্রতিপক্ষের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করতে পারেন। তার মতে, রোনালদো এই কাজের সেরাদের একজন।

বিজ্ঞাপন

শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর নেতৃত্বগুণ ও প্রভাব নিয়েও প্রশংসা করেন পর্তুগাল কোচ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এই ফুটবলার সবসময় নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন এবং তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে আছেন।

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে কলম্বিয়া। ফলে শেষ ষোলোর পথে এগিয়ে যেতে উজবেকিস্তানের বিপক্ষে জয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পর্তুগাল।

বিজ্ঞাপন

মার্তিনেস বলেন, প্রথম ম্যাচের ফলাফলে দলের মধ্যে কিছুটা হতাশা রয়েছে। তবে তিনি আশাবাদী, পরবর্তী ম্যাচে তার খেলোয়াড়রা নিজেদের সেরা ফুটবল উপহার দিতে পারবে। তার বিশ্বাস, পুরো ৯০ মিনিট সর্বোচ্চ চেষ্টা করার জন্য দল প্রস্তুত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD