Logo

জার্মানিকে হারিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ইকুয়েডরের

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ জুন, ২০২৬, ১২:০১
জার্মানিকে হারিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ইকুয়েডরের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইকুয়েডর। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়েও শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি।

বিজ্ঞাপন

গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং নবাগত কুরাসাওয়ের সঙ্গে ড্র করায় ইকুয়েডরের নকআউটে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে পড়েছিল। তবে শেষ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছে তারা।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে মূল আসরে জায়গা করে নেওয়া ইকুয়েডর দক্ষিণ আমেরিকা অঞ্চলে দ্বিতীয় হয়েছিল। কিন্তু মূল পর্বে তারা প্রত্যাশিত ছন্দে ছিল না। বিশেষ করে কুরাসাওয়ের বিপক্ষে ড্রয়ের পর দলটি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই কুরাসাওকেই ৭-১ গোলে হারানো জার্মানিকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইকুয়েডর।

বিজ্ঞাপন

এর আগে দুইবারের মুখোমুখি লড়াইয়ে কখনও জার্মানিকে হারাতে পারেনি ইকুয়েডর। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হারের পর ২০১৩ সালের একটি প্রীতি ম্যাচেও ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। এবার সেই জার্মানির বিপক্ষেই প্রথম জয় তুলে নিয়ে ২০ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ইকুয়েডর।

'ই' গ্রুপে আগের দুই ম্যাচ জিতে জার্মানি আগেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছিল। তাই শেষ ম্যাচের ফল তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। তবে ইকুয়েডর শুরু থেকেই জয়ের জন্য লড়াই করে এবং শেষ পর্যন্ত সফল হয়।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানে গোল করে জার্মানিকে এগিয়ে দেন। নাথানিয়েল ব্রোনের থ্রো থেকে আলেক্সান্ডার পাভলোভিচ বল নিয়ন্ত্রণে নেন। ফাউলের দাবি উঠলেও খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন মার্কিন রেফারি টরি পেনসো। এরপর ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে সানে নিখুঁত শটে গোল করেন।

বিজ্ঞাপন

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইকুয়েডরকে। নবম মিনিটে মিডফিল্ডে বল কেড়ে নিয়ে পেদ্রো ভিতে পাস দেন নিলসন আঙ্গুলোকে। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে সমতা ফেরান তিনি। এটি ছিল এবারের বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল।

ম্যাচের ৭৭তম মিনিটে আসে জয়সূচক গোল। কর্নার থেকে আসা বলে সতীর্থের হেড ঠেকাতে এগিয়ে এসেছিলেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ঠিক সেই মুহূর্তে গঞ্জালো প্লাতা বাঁ পায়ের হালকা স্পর্শে বল জালে জড়িয়ে দেন। শেষ পর্যন্ত এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইকুয়েডর এবং জায়গা করে নেয় নকআট পর্বে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD