শেষ মুহূর্তের জয়ে হাসি, তবু বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

রুদ্ধশ্বাস ৫ গোলের লড়াইয়ে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তুরস্ককে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারালেও নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি তারা।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। তৃতীয় মিনিটে কর্নার থেকে ট্রাস্টির গোলে পিছিয়ে পড়ে তুরস্ক। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মাত্র সাত মিনিট পর দারুণ এক দলগত আক্রমণ থেকে আরদা গুলার সমতা ফেরান।
৩১তম মিনিটে চমৎকার পাসিং মুভের সমাপ্তি টেনে ইয়িলমাজ গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর পরই আবার ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র। বিরতির চার মিনিট পর প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা আনেন বেরহাল্টার।
বিজ্ঞাপন
ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের অষ্টম মিনিটে নাটকীয় মুহূর্তের জন্ম দেন বদলি খেলোয়াড় আয়হান। উজুনের বাড়ানো বল ফাঁকা জালে জড়িয়ে ৩-২ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পাওয়া তুরস্ক শেষ ম্যাচে একসঙ্গে তিনবার প্রতিপক্ষের জাল কাঁপায়। অন্যদিকে, এটি ছিল এবারের আসরে যুক্তরাষ্ট্রের প্রথম হার।
বিজ্ঞাপন
তবে জয় পেয়েও তুরস্কের ভাগ্য বদলায়নি। তিন পয়েন্ট নিয়েই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। আর গ্রুপ পর্ব উতরে যাওয়া যুক্তরাষ্ট্র আগামী ১ জুলাই রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে।








