ব্রাজিল জাপানকে ১১ বার হারালেও শেষ ম্যাচ ছিল ‘তিক্ত’

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে অনিশ্চয়তা কেটেছে জাপান ও সুইডেনের ড্রয়ের পর। ‘এফ’ গ্রুপে রানারআপ হওয়া জাপান আগামী সোমবার (বাংলাদেশ সময় রাত ১১টা) ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।
বিজ্ঞাপন
দুই দলের পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও জাপান। এর মধ্যে ১১টি ম্যাচ জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটি। তবে সর্বশেষ লড়াইয়ে জাপানের কাছে হারের স্মৃতি ব্রাজিলের জন্য অস্বস্তির কারণ হয়ে আছে।
২০২৫ সালের অক্টোবরে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল। সে ম্যাচে জাপানের হয়ে গোল করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা। ব্রাজিলের পক্ষে গোল করেন পাওলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তবে পাওলো হেনরিক এবার বিশ্বকাপ দলে নেই, মার্তিনেল্লি রয়েছেন।
বিজ্ঞাপন
জাপানের ওই জয়কে দেশটির ফুটবলের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। কাতার বিশ্বকাপে জার্মানিকে হারানোর পর গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষেও ১-০ গোলের জয় পেয়েছিল ব্লু সামুরাইরা, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও তাদের হারানোর সুযোগ রয়েছে। সেই বিশ্বাস নিয়েই তার দল প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একসময় জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল। কিন্তু সর্বশেষ প্রীতি ম্যাচে জয় প্রমাণ করেছে, এখন আর তারা সহজ প্রতিপক্ষ নয়। ব্রাজিলকে সম্মান করলেও ম্যাচের ফল কী হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। নিজেদের জয়ের সম্ভাবনাও দেখছেন তিনি।








