Logo

ব্রাজিলের ম্যাচসহ নকআউটের ৪ ম্যাচের সূচি প্রকাশ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ জুন, ২০২৬, ১৬:৪৯
ব্রাজিলের ম্যাচসহ নকআউটের ৪ ম্যাচের সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের লড়াই শেষের পথে। এবার শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা। সেরা ৩২-এর চারটি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ২৯ জুন দিবাগত রাত থেকে শুরু হবে ‘ডু অর ডাই’ পর্বের লড়াই।

বিজ্ঞাপন

নকআউটের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। খেলাটি পরিচালনা করবেন পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরো।

একই দিনে সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী দল জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় ২৯ জুন রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

বিজ্ঞাপন

এর পরদিন, ৩০ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় বোস্টন স্টেডিয়ামে মাঠে নামবে মরক্কো ও নেদারল্যান্ডস। দুই শক্তিশালী দলের এই ম্যাচ নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

নকআউট পর্বের আরেকটি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। ২ জুলাই সান্তা ক্লারায় অনুষ্ঠিত হবে এই লড়াই।

এ পর্যন্ত চারটি ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার পর পর্যায়ক্রমে অবশিষ্ট ১২টি ম্যাচের সূচিও প্রকাশ করবে ফিফা।

বিজ্ঞাপন

নকআউট পর্বে ড্রয়ের সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে নির্ধারিত হবে বিজয়ী দল। জয়ী দল পরবর্তী রাউন্ডে উঠবে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

সূত্র: ফিফা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD