Logo

বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত?

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ জুন, ২০২৬, ১৯:৫৬
বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত?
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুধু দৃষ্টিনন্দন ফুটবল, স্মরণীয় গোল কিংবা শিরোপা জয়ের গল্পেই সীমাবদ্ধ নয়। টুর্নামেন্টটির ইতিহাসে শৃঙ্খলাভঙ্গ ও লাল কার্ডও গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের অংশ। এ তালিকায় সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দলের নাম ব্রাজিল। বিশ্বকাপে এখন পর্যন্ত সেলেসাওদের খেলোয়াড়রা ১১ বার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবলাররা বিশ্বকাপে মোট ১০টি লাল কার্ড দেখেছেন। এরপর যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে ও ক্যামেরুন, দুই দলেরই লাল কার্ডের সংখ্যা ৯। এছাড়া জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসের খেলোয়াড়রা বিশ্বকাপে আটবার করে লাল কার্ড পেয়েছেন।

তুরস্কের বিশ্বকাপ ইতিহাসে লাল কার্ডের সংখ্যা মাত্র দুটি হলেও দুটিই এসেছে ২০০২ সালের একই ম্যাচে। ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে আলপাই ওজালান ও হাকান উনসালকে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল, যা এখনো বিশ্বকাপের আলোচিত ঘটনাগুলোর একটি।

বিজ্ঞাপন

এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি বিশ্বকাপ মিলিয়ে রেফারিরা মোট ১৭৭টি লাল কার্ড দেখিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানো হয়েছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে, যেখানে বহিষ্কারের ঘটনা ঘটেছিল ২৮ বার। বিপরীতে ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ শেষ হয়েছিল কোনো লাল কার্ড ছাড়াই।

আন্তর্জাতিক ফুটবলে হলুদ ও লাল কার্ড চালু হয় ১৯৭০ বিশ্বকাপ থেকে। তবে বিস্ময়করভাবে সেই আসরে একজন খেলোয়াড়ও লাল কার্ড দেখেননি। বিশ্বকাপ ইতিহাসের প্রথম লাল কার্ড দেখানো হয় ১৯৭৪ সালের পশ্চিম জার্মানি বিশ্বকাপে। বার্লিনে পশ্চিম জার্মানি ও চিলির ম্যাচে তুরস্কের রেফারি দোগান বাবাজান ৬৭তম মিনিটে চিলির ফরোয়ার্ড কার্লোস কাসেলিকে বহিষ্কার করেন।

এক ম্যাচে সবচেয়ে বেশি চারটি লাল কার্ড দেখানোর রেকর্ড রয়েছে ২০০৬ বিশ্বকাপের পর্তুগাল-নেদারল্যান্ডসের শেষ ষোলোর ম্যাচে। ওই ম্যাচে পর্তুগালের কস্তিনিয়া ও ডেকো এবং নেদারল্যান্ডসের খালিদ বুলাহরুজ ও জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট লাল কার্ড দেখেন। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালেও লাল কার্ডের নজির রয়েছে। প্রথমবারের মতো ফাইনালে লাল কার্ড দেখা যায় ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্ডার পেদ্রো মনসন প্রথমে লাল কার্ড দেখেন। পরে গুস্তাভো দেজোত্তিও বহিষ্কৃত হলে নয়জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আন্দ্রেয়াস ব্রেমের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা জেতে পশ্চিম জার্মানি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD