Logo

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জুন, ২০২৬, ১২:৩৩
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস লিখেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। আর শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

শুক্রবার গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়। অন্যদিকে টানা তিনটি ড্র থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। উরুগুয়ে ও সৌদি আরব ২ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানের হিসেবে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে বিদায় নেয়।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এবারের বিশ্বকাপ ছিল হতাশার। তিন ম্যাচ খেলেও কোনো জয় পায়নি তারা। গ্রুপ পর্বে উরুগুয়েকেও ড্র করতে বাধ্য করেছিল কেপ ভার্দে, যা তাদের দৃঢ় পারফরম্যান্সেরই প্রমাণ।

বিজ্ঞাপন

অন্যদিকে, নিজেদের গ্রুপে অস্ট্রিয়াকে হারিয়ে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ফলে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপই যে তাদের প্রতিপক্ষ হবে, তা আগে থেকেই নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত সেই জায়গা দখল করে নেয় বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে।

আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনা শেষ ষোলোতে খেলবে গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।

বিজ্ঞাপন

এদিকে গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্রের পেছনে রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় দল এখনো নির্ধারিত হয়নি। বেলজিয়াম, ইরান, মিসর কিংবা নিউজিল্যান্ড—এই চার দলের যেকোনো একটি পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে। তবে তার আগে কেপ ভার্দের চ্যালেঞ্জ উতরে যেতে হবে মেসিদের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD