উরুগুয়ে-সৌদির বিদায়, নকআউট নিশ্চিত করল পর্তুগালসহ ৫ দল

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষের পথে। ইতোমধ্যে আটটি গ্রুপের খেলা শেষ হয়েছে। শনিবার সকালে ‘এইচ’ গ্রুপের ম্যাচ শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ে।
বিজ্ঞাপন
‘এইচ’ গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে স্পেন। আর তিনটি ম্যাচেই ড্র করে ইতিহাস গড়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ফলে স্পেনের কাছে হেরে উরুগুয়ে এবং কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করা সৌদি আরব টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
স্পেন-উরুগুয়ে ম্যাচের ফলের পর অন্য গ্রুপগুলোর হিসাবেও পরিবর্তন আসে। ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া পাঁচটি দল নিশ্চিতভাবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয়। এর মধ্যে কেবল প্যারাগুয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই শেষ করেছে। ‘ডি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। একই গ্রুপে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াও আগেই নকআউট নিশ্চিত করেছে। গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
অন্যদিকে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা ও মিসরের একটি করে ম্যাচ এখনো বাকি। চার দলই বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে অন্তত সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করেছে। শেষ ম্যাচে অন্তত ড্র করতে পারলে তারা নিজ নিজ গ্রুপে আরও ভালো অবস্থানে ওঠার সুযোগ পাবে। এমনকি গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে শেষ ম্যাচে হারলেও নকআউটে ওঠা নিয়ে এই চার দলের কোনো শঙ্কা নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়া (গ্রুপ ‘এ’), স্কটল্যান্ড (গ্রুপ ‘সি’) ও সেনেগাল (গ্রুপ ‘আই’) ৩ বা তার কম পয়েন্ট নিয়ে এখনও শেষ ৩২-এর দৌড়ে টিকে আছে।
বিজ্ঞাপন
এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি উপহার দিয়েছে কেপ ভার্দে। অভিষেক আসরেই গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।








