Logo

২০৩০ বিশ্বকাপে বাবার সতীর্থ হতে চান রোনালদোর ছেলে

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জুন, ২০২৬, ২০:১০
২০৩০ বিশ্বকাপে বাবার সতীর্থ হতে চান রোনালদোর ছেলে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এবারও মাঠে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকার জন্য চলতি আসরটিই শেষ বিশ্বকাপ হতে পারে বলে অনেকের ধারণা। তবে রোনালদোর ইঙ্গিত বলছে, ২০২৬ আসরেই হয়তো থামছেন না তিনি; ২০৩০ বিশ্বকাপেও মাঠে নামার ইচ্ছা রয়েছে তার।

বিজ্ঞাপন

তবে বিশ্বকাপ জয়ের স্বপ্নের পাশাপাশি রোনালদোর আরেকটি ব্যক্তিগত স্বপ্নও রয়েছে। সেটি হলো, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলে খেলতে নামা। এ ইচ্ছার কথা তিনি একাধিকবার প্রকাশ করেছেন।

শুধু রোনালদো নন, তার ছেলেও বাবাকে খেলা চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা জানান, ‘ক্রিস্টিয়ানো জুনিয়র আমাকে সবসময় বলে, খেলা চালিয়ে যাও, যেন ২০৩০ বিশ্বকাপে আমরা একসঙ্গে খেলতে পারি।’

বিজ্ঞাপন

বাবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই এগোচ্ছেন ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র। গতি, গোল করার দক্ষতা এবং আক্রমণভাগে বহুমুখী পারফরম্যান্সে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

লেফট উইঙ্গার হলেও ৬ ফুট ৩ ইঞ্চির ক্রিস্টিয়ানো জুনিয়র আক্রমণভাগের যেকোনো জায়গায় মানিয়ে নিতে সক্ষম।

বিজ্ঞাপন

তার প্রমাণ ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনটি শিরোপা। এর মধ্যে ভ্লাতকো মাকোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলও করে। এদিকে বাবার সৌদি প্রো লিগের দল আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোলও করা হয়ে গেছে। সেই সঙ্গে আছে ১৫টি অ্যাসিস্টও। সম্প্রতি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে হ্যাটট্রিকের সঙ্গে নিয়মিত গোলও করে যাচ্ছে ক্রিস্টিয়ানো জুনিয়র।

তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সম্প্রতি সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল উইয়াম’ জানিয়েছে, রোনালদোর বড় ছেলেকে ২০২৬-২৭ মৌসুমে মূল দলের অনুশীলনে যুক্ত করতে পারে আল নাসর। সংবাদ সত্যি হলে ছেলের সঙ্গে নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সিউউউ’ হয়তো হাতছোঁয়া দূরত্বেই থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD