Logo

জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন জানালেন আনচেলত্তি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জুন, ২০২৬, ১১:৫২
জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন জানালেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার এখন আগের তুলনায় বেশি সময় মাঠে খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত। তবে শুরু থেকেই তাকে একাদশে রাখার সম্ভাবনা কম।

বিজ্ঞাপন

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমারকে কতক্ষণ খেলানো হবে, সেটি পুরোপুরি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। তার ভাষ্য, ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার এখন আরও দীর্ঘ সময় মাঠে থাকার জন্য প্রস্তুত। তবে ম্যাচের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করেই তাকে ব্যবহার করা হবে।

সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে প্রশ্ন করা হলে রসিকতার সুরে ইতালিয়ান এই কোচ বলেন, কোচদের তুলনায় খেলোয়াড়রাই ভালো ঘুমাতে পারেন। ধারণা করা হচ্ছে, আগের ম্যাচে জয় পাওয়া দলটিকেই অপরিবর্তিত রাখতে পারেন তিনি। সে ক্ষেত্রে জাপানের বিপক্ষে নেইমারকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।

বিজ্ঞাপন

নেইমারের শারীরিক অবস্থার উন্নতির বিষয়েও ইতিবাচক মন্তব্য করেন আনচেলত্তি। তিনি বলেন, গত সপ্তাহে তার পুনর্বাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যদিও পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি, তবুও এখন তিনি ১৫ মিনিটের বেশি সময় খেলতে সক্ষম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে।

দীর্ঘ ৯৮১ দিন জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবারও ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেন। জাপানের বিপক্ষে তাকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলে আশা করছেন ব্রাজিল সমর্থকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD