Logo

রোনালদোকে নিয়ে তীব্র সমালোচনা, তোপের মুখে দল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জুন, ২০২৬, ১৫:২০
রোনালদোকে নিয়ে তীব্র সমালোচনা, তোপের মুখে দল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল পর্তুগাল। তবে গ্রুপপর্বে প্রত্যাশিত ছন্দে খেলতে না পারায় সমালোচনার মুখে পড়েছে দলটি। গণতান্ত্রিক কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করার পর উজবেকিস্তানকে ৫-০ গোলে হারালেও শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে আবারও ড্র করে তারা। বিশেষ করে ওই ম্যাচে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছে দেশটির প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘আ বোলা’।

বিজ্ঞাপন

কলম্বিয়ার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে শুধু দল নয়, সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন রোনালদো। পর্তুগালের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম ‘আ বোলা’ ম্যাচের সবচেয়ে হতাশাজনক খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে এই তারকা ফরোয়ার্ডকে। ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যায়নে তাকে ১০-এর মধ্যে মাত্র ৪ নম্বর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ম্যাচজুড়ে রোনালদোর নেওয়া শটগুলো খুব একটা বিপজ্জনক ছিল না। গোলরক্ষক কামিলো ভার্গাসকে একা পেয়েও তিনি বড় সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। যদিও পরে সেই আক্রমণটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় হতাশাজনক পারফরম্যান্স।

বিজ্ঞাপন

এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে গণতান্ত্রিক কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচেও নিজের সেরাটা দেখাতে পারেননি রোনালদো। তবে উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করে আলো ছড়িয়েছিলেন তিনি।

রোনালদোর সমালোচনা করার পাশাপাশি কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের সেরা খেলোয়াড় হিসবে গোলরক্ষক দিয়োগো কস্তার কথা উল্লেখ করেছে ‘আ বোলা’। তাদের মতে, কস্তা ম্যাচের সেরা খেলোয়াড় এবং ৮ রেটিং পেয়েছেন।

বিজ্ঞাপন

কলম্বিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে গোল হজম থেকে রক্ষা করেন দিয়োগো কস্তা। গণমাধ্যমটির ভাষ্য, তিনি যেন সবকিছুই আটকে দিয়েছেন এবং পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। বিশেষ করে দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটে হুয়ান কুইন্তেরোর ক্রস থেকে লুইস সুয়ারেজের কাছে বল পৌঁছানোর আগেই পা বাড়িয়ে দুর্দান্ত সেভ করেন এই গোলরক্ষক।

এ নিয়ে গ্রুপপর্বের ‍দুটি ম্যাচে ড্র করেছে পর্তুগাল। ম্যাচের ফল তাদের জন্য কিছুটা স্বস্তির হলেও পুরো লড়াইয়ে এগিয়ে ছিল কলম্বিয়া এবং বেশি সুযোগও তারাই তৈরি করে। অতিরিক্ত সময়ে ডেভিনসন সানচেজ গোল করলেও মিলিমিটার অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ ৩২–এ রোনালদোর পর্তুগাল ক্রোয়েশিয়ার সঙ্গে লড়বে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD