কেপ ভার্দে অনেক শক্তিশালী দল: আর্জেন্টিনা কোচ স্কালোনি

আর্জেন্টিনার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ জিততে না পারলেও অপরাজিত থেকে নকআউটে ওঠা আফ্রিকার দলটিকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বিজ্ঞাপন
জর্ডানের বিপক্ষে জয়ের পর রোববার (২৮ জুন) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, কেপ ভার্দে খুবই সংগঠিত ও মানসম্পন্ন দল। তারা গ্রুপ পর্বে প্রতিটি প্রতিপক্ষকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।
স্কালোনি বলেন, “ওরা ভালো দল। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব—সব দলের জন্যই কঠিন প্রতিপক্ষ ছিল। এই বিশ্বকাপে যা দেখা যাচ্ছে, তাতে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেপ ভার্দের গতি, মান এবং দলীয় সমন্বয় আমাদের জন্যও বড় চ্যালেঞ্জ হবে।”
বিজ্ঞাপন
ম্যাচের সময় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। আর্জেন্টিনার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় ম্যাচ অনুষ্ঠিত হবে। স্কালোনি বলেন, “প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হবে। সময়টা খুব একটা সুবিধাজনক নয়। তবে সব দলই একই পরিস্থিতিতে খেলছে, তাই এ নিয়ে অভিযোগ করার সুযোগ নেই।”
জর্ডানের বিপক্ষে ম্যাচে স্কালোনি কয়েকটি নতুন কৌশলও পরীক্ষা করেন। বিশেষ করে মিডফিল্ডার এক্সেকিয়েল পালাসিওসকে রাইট ব্যাক হিসেবে খেলানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এই পজিশনে বিকল্প তৈরি করাই ছিল লক্ষ্য। নাহুয়েল মোলিনা দীর্ঘ বিরতির পর ফিরেছেন এবং গনসালো মন্তিয়েলকেও অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলতে চাননি তিনি।
এদিকে, ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। স্কালোনি জানান, শুরু থেকেই না খেলার সিদ্ধান্তটি ছিল মেসির নিজের।
বিজ্ঞাপন
তিনি বলেন, “মেসি চাইলে পুরো ৯০ মিনিট খেলতে পারত, এমনকি আরও কিছু রেকর্ডও গড়তে পারত। কিন্তু সে চেয়েছে অন্যরা সুযোগ পাক এবং নিজে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকুক।”
স্কালোনির মতে, এই সিদ্ধান্তই প্রমাণ করে ব্যক্তিগত অর্জনের চেয়ে জাতীয় দল ও সতীর্থদের গুরুত্ব মেসির কাছে অনেক বেশি।








