ব্রাজিল ‘একক ফেবারিট’ তকমাটি হারিয়েছে : রোনালদো

বিশ্ব ফুটবলে একসময় ব্রাজিল ছিল একচ্ছত্র আধিপত্যের প্রতীক। প্রতিটি বিশ্বকাপেই শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে সেলেসাওদের নাম উচ্চারিত হতো সবার আগে। তবে সময়ের সঙ্গে বদলেছে ফুটবলের শক্তির ভারসাম্য। তবুও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘিরে প্রত্যাশার কোনো কমতি নেই বলে মনে করেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও।
বিজ্ঞাপন
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই সাবেক তারকার মতে, বর্তমান বিশ্ব ফুটবলে আর কোনো একক পরাশক্তি নেই। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পাশাপাশি এশিয়া এবং আফ্রিকার দলগুলোর মানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে আগের তুলনায় প্রতিটি বড় টুর্নামেন্টই এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপ–কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি নিয়ে কথা বলছি। এখন পুরো বিশ্বজুড়েই দুর্দান্ত সব খেলোয়াড় এবং শক্তিশালী দল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল হয়তো তার “একক ফেবারিট” তকমাটি হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবেই বিবেচিত হয়।’
বিজ্ঞাপন
তবে বিশ্ব ফুটবলে প্রতিযোগিতা বাড়লেও ব্রাজিলকে ঘিরে প্রত্যাশার চাপ কখনোই কমবে না বলে মনে করেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। রোনালদোর ভাষায়, ‘চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে ফুটবলের শিকড় এতটাই গভীরে যে, দলটির প্রতি প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে।’
এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছে ব্রাজিল। আজ রাতে রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
বিজ্ঞাপন
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করা। অন্যদিকে ইতিহাস গড়তে মরিয়া জাপানও। তাই হিউস্টনের এই ম্যাচে রোনালদোর মন্তব্যেরও এক ধরনের পরীক্ষা হবে। ব্রাজিল হয়তো আর একক ফেবারিট নয়, তবে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে তাদের অবস্থান যে এখনো অটুট, সেটি প্রমাণের সুযোগ থাকছে এই লড়াইয়ে।








