Logo

নরওয়ের সাথে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস, এবার কী হবে?

profile picture
ক্রীড়া ডেস্ক
১ জুলাই, ২০২৬, ১৮:২৬
নরওয়ের সাথে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস, এবার কী হবে?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে নরওয়ে। জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় প্রত্যাবর্তনের জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার ইউরোপের শক্তিশালী দলটির মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ শেষে ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়। তবে অতীতের পরিসংখ্যান ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। এ পর্যন্ত দুই দলের মধ্যে চারবার মুখোমুখি লড়াই হয়েছে। এর একটিতেও জয় পায়নি ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচে, আর বাকি দুটি ড্র হয়েছে।

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে বেবেতোর গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। নরওয়ের হয়ে গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

বিজ্ঞাপন

অন্য তিনটি লড়াই ছিল প্রীতি ম্যাচ। ১৯৮৮ সালে দুই দল ১-১ গোলে ড্র করে। এরপর ১৯৯৭ সালে নরওয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়। সবশেষ ২০০৬ সালের আগস্টে অনুষ্ঠিত ম্যাচটিও ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।

যদিও অতীতের রেকর্ড নরওয়ের পক্ষেই কথা বলছে, বর্তমান ফর্মে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল। টুর্নামেন্টের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে সেলেসাওরা। অন্যদিকে, আর্লিং হালান্ডের নেতৃত্বে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে দারুণ ফুটবল উপহার দিচ্ছে নরওয়ে।

বিজ্ঞাপন

ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত নিউ জার্সির মাঠের পারফরম্যান্সই ঠিক করে দেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে কোন দল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD