Logo

মেসির রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে, প্রস্তুত সতীর্থরা

profile picture
ক্রীড়া ডেস্ক
১ জুলাই, ২০২৬, ১৮:৩৯
মেসির রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে, প্রস্তুত সতীর্থরা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই মাইলফলক স্পর্শের পথে তাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তার সতীর্থরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফরাসি ডিফেন্ডার মালো গুস্তো। চেলসির এই রাইট-ব্যাক বলেন, এমবাপ্পের মতো একজন বিশ্বমানের ফুটবলারের লক্ষ্য সবসময় গোল করা এবং ট্রফি জেতা হওয়া উচিত। দলের সবাই তার সেই লক্ষ্য পূরণে পাশে রয়েছে।

সুইডেনের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এমবাপ্পে। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। ফলে বিশ্বকাপে লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে।

বিজ্ঞাপন

২০১৮, ২০২২ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এমবাপ্পে ১৮ গোল করেছেন। অন্যদিকে মেসির বিশ্বকাপে গোলসংখ্যা ১৯। তবে আর্জেন্টিনা অধিনায়কের সামনে এখনও কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর একটি ম্যাচ বাকি রয়েছে।

গুস্তো বলেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যই এমবাপ্পের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, এমবাপ্পে এসব রেকর্ড নিয়ে অতিরিক্ত চিন্তা করেন না; বরং বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেন।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর নকআউট পর্বের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেলেও নিজেদের অপরাজেয় মনে করছে না ফ্রান্স। গুস্তোর ভাষায়, নিজেদের অজেয় ভাবা হবে বড় ভুল। তবে শিরোপা জয়ের লড়াইয়ে দল আত্মবিশ্বাসী এবং প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

বিজ্ঞাপন

শেষ ষোলোর প্রতিপক্ষ প্যারাগুয়েকে নিয়েও সতর্ক ফরাসি এই ডিফেন্ডার। তিনি বলেন, টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় দিয়ে প্যারাগুয়ে তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই তাদের বিপক্ষে ম্যাচ মোটেও সহজ হবে না।

এ ছাড়া সুইডেনের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করা সতীর্থ মাইকেল অলিসের প্রশংসাও করেন গুস্তো। তার মতে, অলিসের মতো সৃজনশীল ফুটবলার দলে থাকাটা ফ্রান্সের জন্য বড় শক্তি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD