Logo

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে জয়ের পাল্লা কার দিকে?

profile picture
ক্রীড়া ডেস্ক
১ জুলাই, ২০২৬, ২১:০৭
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে জয়ের পাল্লা কার দিকে?
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল ও আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তি আন্তর্জাতিক ফুটবলে বহুবার মুখোমুখি হলেও ফিফা বিশ্বকাপের মূল পর্বে তাদের লড়াই হয়েছে মাত্র চারবার। সেই চার ম্যাচের পরিসংখ্যানে জয়ের হিসেবে আর্জেন্টিনার তুলনায় সামান্য এগিয়ে রয়েছে ব্রাজিল।

বিজ্ঞাপন

ফুটবলবিষয়ক পরিসংখ্যানভিত্তিক তথ্যভান্ডার দ্য সকার ওয়ার্ল্ডকাপস অনুযায়ী, বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত আসরে। দ্বিতীয় গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয়।

চার বছর পর ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্বাগতিকদের মাঠে অনুষ্ঠিত সেই লড়াইয়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে আবারও বিশ্বমঞ্চে দেখা হয় ব্রাজিল ও আর্জেন্টিনার। ওই ম্যাচেও আধিপত্য দেখায় ব্রাজিল। তারা ৩-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখে।

তবে বিশ্বকাপে ব্রাজিলের সেই আধিপত্য ভাঙে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে একমাত্র গোলটি করেন ক্লদিও ক্যানিজিয়া। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে আসা সেই গোলে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে এটিই ছিল আলবিসেলেস্তেদের প্রথম জয়।

১৯৯০ সালের সেই ম্যাচের পর থেকে এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার আর কোনো মুখোমুখি লড়াই হয়নি।

বিজ্ঞাপন

এ পর্যন্ত বিশ্বকাপে অনুষ্ঠিত চার ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে দুটি, আর্জেন্টিনা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে বিশ্বকাপের ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এক ম্যাচের ব্যবধানে এগিয়ে রয়েছে সেলেসাওরা।

অবশ্য বিশ্বকাপের বাইরে চিত্রটি ভিন্ন। কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাইপর্ব এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বরাবরই হাড্ডাহাড্ডি। সময়ের সঙ্গে কখনো ব্রাজিল, কখনো আর্জেন্টিনা এগিয়ে থাকলেও জয়-পরাজ্যের ব্যবধান সাধারণত খুবই কম থেকেছে।

বিজ্ঞাপন

ফলে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের সামান্য এগিয়ে থাকা সত্ত্বেও ফুটবলপ্রেমীদের কাছে এই দুই দলের প্রতিটি লড়াই এখনও সমান উত্তেজনা, রোমাঞ্চ ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD