আত্মঘাতী গোলে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা, স্কোর ৩-২

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার শেষ ষোলোর লড়াইয়ে নাটকীয়তা যেন থামছেই না। অতিরিক্ত সময়ে দুই দল আবারও গোল বিনিময় করার পর ১১১তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে প্রথম আঘাত হানে আর্জেন্টিনা। ৯২তম মিনিটে কর্নার থেকে লিসান্দ্রো মার্টিনেজ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। ১০৩তম মিনিটে বাম দিক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ডান পায়ের শটে জাল খুঁজে নেন লোপেজ ক্যাবরাল। তার নিখুঁত শটে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফলে আবারও ২-২ সমতায় ফেরে কেপ ভার্দে।
এরপর ১১১তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ক্রিশ্চিয়ান রোমেরো হেড করেন। সেই বল কেপ ভার্দের ডিফেন্ডার ডিনে বোর্জেসের মাথায় লেগে দিক বদলে জড়িয়ে যায় নিজেদের জালে। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
এর আগে ম্যাচের ২৯তম মিনিটে মেসির গোলে লিড নিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে দেরয় দুয়ার্তের সমতাসূচক গোলে ম্যাচে ফেরে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের গোল, কেপ ভার্দের পাল্টা জবাব এবং শেষ পর্যন্ত আত্মঘাতী গোল—সব মিলিয়ে রুদ্ধশ্বাস লড়াই উপহার দিচ্ছে দুই দল।
এখন বাকি সময় এই ব্যবধান ধরে রাখতে পারলেই শেষ ষোলোর বাধা পেরিয়ে পরের পর্বে জায়গা করে নেবে লিওনেল স্কালোনির দল। জয় নিশ্চিত হলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে মিসর, যারা টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে।








