Logo

বিশ্বকাপে আর দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই রেফারিকে

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১৫:৪৬
বিশ্বকাপে আর দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই রেফারিকে
ছবি: সংগৃহীত

ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ায় চলমান আসরে আর মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না ফরাসি দুই রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও ক্লেমো তুরপ্যাঁ। ফরাসি সংবাদমাধ্যম লে’কুইপ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে স্বার্থের সংঘাত এড়াতে কঠোর নীতি অনুসরণ করছে ফিফা। সেই নীতিমালা অনুযায়ী, যে চারটি দেশ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, তাদের কোনো রেফারিকে টুর্নামেন্টের বাকি ম্যাচে মাঠের দায়িত্ব দেওয়া হবে না।

এই নিয়মের কোপে পড়েছেন শেষ চারে ওঠা বাকি তিন দল—আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের রেফারিরাও। তারাও ফ্রান্সের এই দুই রেফারির মতো টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর রেফারিং প্যানেল থেকে বাদ পড়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে রেফারিদের জন্য মাঠের দুয়ার বন্ধ হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে এখনো সুযোগ থাকছে ফরাসি জেরোম ব্রিজার্ডের। বিশ্বকাপের শুরু থেকেই তিনি নিখুঁতভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ইউএনএফপি ট্রফিতে ফরাসি লিগ ওয়ানের সেরা রেফারি নির্বাচিত হওয়া ব্রিজার্ডকে তাই চাইলে বাকি ম্যাচগুলোতে ভিএআর কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবে ফিফা।

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বহুল আলোচিত ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। ম্যাচ চলাকালে তার নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মিশরের কয়েকজন ফুটবলার ও দলের কোচ প্রকাশ্যে রেফারিংয়ের সমালোচনা করেন এবং পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগও তোলেন। যদিও ফিফা সেই অভিযোগ গ্রহণ করেনি এবং মিশরের অভিযোগ সরাসরি নাকচ করে দেয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD