Logo

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের বাঁশি বাজাবেন কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১২:৫২
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের বাঁশি বাজাবেন কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ম্যাচ পরিচালনায় রেফারিদের ভূমিকা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তাই সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে দায়িত্ব পাচ্ছেন কোন রেফারি, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমায়েল এলফাত।

বিজ্ঞাপন

আগামী বুধবার দিবাগত রাত ১টায় আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইসমায়েল এলফাত। সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া ইতালির মাউরিজিও মারিয়ানি চতুর্থ রেফারি এবং দানিয়েলে বিনদোনি রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৪৪ বছর বয়সী এলফাত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দুইবার বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন। ২০১২ সাল থেকে এমএলএসে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন তিনি। পরে ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন এলফাত। সেই আসরে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন। এবার আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান এবং উরুগুয়ে-স্পেন ম্যাচ পরিচালনার পাশাপাশি শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের জয়ের ম্যাচেও তিনিই ছিলেন প্রধান রেফারি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী এলফাতের জন্ম মরক্কোয়। ২০০১ সালে ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এ তথ্য জানিয়েছে ইউএসএ টুডে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উত্তর আমেরিকার অন্যতম অভিজ্ঞ ও স্বীকৃত রেফারি হিসেবে পরিচিত এলফাত এর আগে ২০২২ সালের এমএলএস কাপের ফাইনাল এবং ২০২৬ সালের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালও পরিচালনা করেছেন। এবার তার কাঁধে উঠেছে বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব। ফলে মাঠে খেলোয়াড়দের পাশাপাশি রেফারির পারফরম্যান্সও থাকবে বিশেষ নজরে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার এই লড়াই ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। সর্বশেষ ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। আর প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের শেষ দেখা হয়েছিল ২৪ বছর আগে। ইতিহাসজুড়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে রয়েছে বহু স্মরণীয় ও বিতর্কিত অধ্যায়ের সাক্ষী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD