মেসির সঙ্গে উত্তপ্ত কথোপকথন নিয়ে মুখ খুললেন বেলিংহ্যাম

আর্জেন্টিনার বিপক্ষে নির্ধারিত সময়ের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হার মেনে বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। টানা তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি ঘটনা। ম্যাচ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হলেও বেলিংহ্যাম জানিয়েছেন, ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত করার কিছু নেই।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেলিংহ্যাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রেফারির একটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত হওয়াই ছিল সেই কথোপকথনের মূল কারণ।
মেসির সঙ্গে সেই মুহূর্তটি নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে বেলিংহ্যাম বলেন, ‘মেসির সঙ্গে কী কথা হচ্ছিল? আসলে আমরা একটা ফাউল নিয়ে আলোচনা করছিলাম। এর বাইরে বিশেষ কিছু নয়। আমি নিশ্চিত সবাই এটাকে বাড়িয়ে বলবে এবং বড় একটা ইস্যু বানানোর চেষ্টা করবে, কিন্তু আসলে সেখানে তেমন কিছুই ঘটেনি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে কীভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো, তার বর্ণনা দিয়ে এই ইংলিশ তারকা বলেন, “আমার মনে হয়েছিল একটু আগে একটা ফাউল হয়েছিল। তখন ও (মেসি) বলল, ‘তাহলে আমার ওপর যে ফাউলটা করা হলো সেটার কী হবে?’ জবাবে আমি বলেছিলাম, ‘তুমি তো এই ধাক্কা সহ্য করার মতোই যথেষ্ট শক্তিশালী!’ ব্যস, এতটুকুই।”
সেমিফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে এমন মুহূর্ত আসাটা খুবই স্বাভাবিক বলে মনে করেন বেলিংহ্যাম। ম্যাচ শেষে মেসির প্রতি নিজের মুগ্ধতা ও সম্মান লুকাতেও ভোলেননি ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।
বিজ্ঞাপন
মেসির প্রশংসা করে বেলিংহ্যাম বলেন, ‘আমি পরাজিত দলে আছি, যা খুবই কষ্টের। তবে ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটা সবসময়ই সৌভাগ্যের।’
বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বেদনাদায়ক অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন বেলিংহ্যাম। তিনি বলেন, এই হার মেনে নেওয়া সত্যিই কঠিন। একই সঙ্গে ইংল্যান্ডের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে জানান, তিনি এমন একটি দলের অংশ হতে চেয়েছিলেন, যারা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা দেশে ফিরিয়ে আনবে। কিন্তু সেই স্বপ্ন এবারও অধরাই থেকে গেল।








