বিশ্বকাপের ফাইনালে রেফারির ‘নিরপেক্ষ’ ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। তার দাবি, আর্জেন্টিনা প্রায়ই শারীরিক ও আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিদের নিরপেক্ষ ও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দুই দল।
ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে লাপোর্তে বলেন, আক্রমণাত্মক ফুটবল খেলায় আপত্তি নেই, তবে সেটি যেন নিয়মের সীমার মধ্যেই থাকে। তার মতে, কোনো খেলোয়াড় নিয়ম ভেঙে বারবার একই ধরনের আচরণ করলে তা নিয়ন্ত্রণ করা রেফারির দায়িত্ব।
লাপোর্তের ভাষ্য, "ম্যাচ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, তা নিশ্চিত করা রেফারির দায়িত্ব। কয়েকজন খেলোয়াড়কে যদি একই ধরনের আচরণের সুযোগ দেওয়া হয়, তাহলে পুরো ম্যাচেই বিশৃঙ্খলা তৈরি হতে পারে।"
বিজ্ঞাপন
তিনি ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালের উদাহরণও টানেন। ওই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করে এবং তাদের তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। বিপরীতে ইংল্যান্ডের ফাউলের সংখ্যা ছিল ১১টি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশেষ করে ম্যাচের শুরুতে এনজো ফার্নান্দেসের একটি ট্যাকলের প্রসঙ্গ উল্লেখ করেন লাপোর্তে। ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর সেই চ্যালেঞ্জের পরও কোনো কার্ড না দেখানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বিজ্ঞাপন
স্প্যানিশ এই ডিফেন্ডার বলেন, "নিয়মের মধ্যে থেকে শক্ত ফুটবল খেলায় কোনো সমস্যা নেই। তবে সাম্প্রতিক কিছু ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যা বিস্ময়কর। কিছু ফাউল খুব সহজেই উপেক্ষা করা হয়েছে।"
আর্জেন্টিনার খেলার ধরন প্রসঙ্গে লাপোর্তে আরও বলেন, দলটি প্রতিপক্ষের ওপর নিজেদের শারীরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়। তবে তার মতে, বড় টুর্নামেন্টে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ অতিরিক্ত শারীরিক লড়াই প্রতিপক্ষকে উত্তেজিত ও ছন্দহীন করে তুলতে পারে।








