Logo

ফাইনালের আগে আবেগঘন বার্তায় যা বললেন লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১২:৩৭
ফাইনালের আগে আবেগঘন বার্তায় যা বললেন লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাও পূরণ করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিজের নেতৃত্বে দেশকে এনে দিয়েছেন তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এরপর উপভোগের মানসিকতা নিয়েই মাঠে নেমেছেন তিনি। ৩৯ বছর বয়সেও চলতি আসরে দারুণ ছন্দে রয়েছেন এই মহাতারকা। এবার তার সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাসে আরও অনন্য উচ্চতায় পৌঁছানোর সুযোগ। স্পেনের বিপক্ষে ফাইনালের আগে তাই আবেগঘন এক বার্তা দিয়েছেন মেসি।

বিজ্ঞাপন

রবিবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনালের আগে পুরো দলের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মেসি। সেই ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘ফলাফল যাই হোক না কেন, এই দল ইতোমধ্যেই ইতিহাস লিখে ফেলেছে।’ তবে শিরোপা জয়ের লক্ষ্যেই যে লিওনেল স্কালোনির শিষ্যরা মাঠে নামবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

যৌথভাবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি, যাকে তার সম্ভাব্য শেষ আসর বলে ধারণা করা হচ্ছে। ফাইনালের আগে যেন বিদায়েরই প্রচ্ছন্ন বার্তা শোনা গেল তার লেখায়, ‘এত বছর ধরে শুধু শিরোপা জয়ই নয়, বরং পুরো পথচলাটাই সবচেয়ে সুন্দর বিষয়। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের অধিনায়কত্বে যে আলবিসেলেস্তেরা ইতোমধ্যেই ইতিহাস লিখে ফেলেছে সেটিও স্মরণ করিয়ে দিলেন মেসি, ‘আমার প্রতিটি সতীর্থকে, কোচিং স্টাফকে এবং প্রতিদিন জাতীয় দলকে একটি পরিবারের মতো ধরে রাখতে যারা কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা–ই ঘটুক না কেন, এই দল ইতোমধ্যেই এমন একটি ইতিহাস লিখেছে, যা আমরা কখনও ভুলব না এবং কেউ সেটি মুছেও ফেলতে পারবে না। ভামোস আর্জেন্টিনা!’

বিজ্ঞাপন

ফাইনালের আগের রাতে মেসির নেতৃত্বে পুরো আর্জেন্টিনা দল শেষবারের মতো একটি ছবি তোলে। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অধিনায়ক নিজেই। ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এ ছাড়া খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি, সহায়ক কর্মী এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াসহ পুরো প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

দলের অন্য খেলোয়াড়রাও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একই ছবি শেয়ার করেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে মেসির আবেগময় বার্তা। ব্রাজিলে ২০১৪ এবং কাতারে ২০২২ সালের পর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। পাশাপাশি ইতালি ও ব্রাজিলের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার সুযোগও রয়েছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলের সামনে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD