Logo

বিশ্বকাপ জয়ের পর এবার কি সেই প্রতিশ্রুতি রাখবেন ইয়ামাল?

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১৫:১৩
বিশ্বকাপ জয়ের পর এবার কি সেই প্রতিশ্রুতি রাখবেন ইয়ামাল?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার খেলেই ইতিহাস গড়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই নিজের ক্যারিয়ারে যোগ করেছেন বিশ্বকাপের সোনালি ট্রফি। তবে শিরোপা জয়ের পর এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের দেওয়া তার একটি মজার প্রতিশ্রুতি। স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় এখন সবার কৌতূহল, ইয়ামাল কি সত্যিই সেই কথা রাখবেন?

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজের সমর্থকদের উদ্দেশে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছিলেন ইয়ামাল। তিনি বলেছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। শুধু তাই নয়, উদযাপনের অংশ হিসেবে সমর্থকদের মধ্যে ১০০টি হেডফোনও উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন এই তরুণ ফুটবলার।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে ইয়ামাল সাত ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। কেপ ভার্দের বিপক্ষে তিনি বদলি নামেন। চোট নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন তিনি। টুর্নামেন্টে জ্বলে উঠতে না পারলেও প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ করে রেখেছিলেন প্রায় সময়। গতকাল আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের ফাইনাল জয়ে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে তিনি ফিফা বিশ্বকাপজয়ী ইতিহাসের যৌথভাবে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান। একই তালিকায় স্পেনের আরেক ফুটবলার পাউ কুবারসি ১৯ বছর ১৭৮ দিন বয়সে সপ্তম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ইয়ামাল ফিফা বিশ্বকাপের ফাইনালে খেলা ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। তার আগে রয়েছেন ১৯৫৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং ১৯৮২ সালের আসরে ইতালির জুসেপ্পে বারগোমি। একই সঙ্গে নতুন আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন স্পেনের এই বিস্ময়বালক। ইতিহাসের প্রথম কিশোর ফুটবলার হিসেবে তিনি ইউরো চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপ—দুই শিরোপাই জয়ের স্বাদ পেলেন।

বিশ্বকাপ জয়ের আনন্দে এখন স্পেনজুড়ে উৎসবের আমেজ। আর সেই আনন্দের মধ্যেই নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে ইয়ামালের দেওয়া প্রতিশ্রুতি। সমর্থকদের অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তরুণ এই তারকা সত্যিই তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কেটে এবং ১০০টি হেডফোন উপহার দিয়ে নিজের কথা রাখেন কি না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD