Logo

এবার নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন শান্ত

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ২০:২৩
এবার নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন শান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্তে পুরুষ দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

২০২৫ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শান্ত। সে সময় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছরে লিপুর চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আর দায়িত্বের মেয়াদ বাড়াননি। এরপরও নির্বাচক প্যানেলের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছিলেন শান্ত।

পরে বিসিবি নতুন করে নির্বাচক কমিটি গঠন করে। সেই কমিটিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান হাবিবুল বাশার। তার সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয় নাদিফ চৌধুরি ও নাঈম ইসলামকে। নতুন এই কাঠামোয় পুরুষ দলের পরিবর্তে শান্তকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রায় ১০ মাস পুরুষ দলের সঙ্গে সুনামের সঙ্গে কাজ শেষে এবার নারী দলের সঙ্গে যোগ দিচ্ছেন আইসিসি ট্রফিজয়ী সাবেক এই ক্রিকেটার। জানা গেছে নারী দলকে নিয়ে বিসিবির পরিকল্পনা বড়, পাশাপাশি সামনে অনেক খেলা থাকায় আরও গতিশীল করতেই নতুন নির্বাচক নিয়োগ।

বিজ্ঞাপন

এর আগে বয়সভিত্তিক বিভিন্ন দলের নির্বাচক হিসেবেও দীর্ঘ সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন হাসিবুল হোসেন শান্ত। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাবেক এই তারকা পেসার। খুব শিগগিরই নারী দলের নির্বাচক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD