Logo

অস্ট্রেলিয়ায় শুধু টিকে থাকা নয়, ভালো কিছু করতে চায় বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৪:০৬
অস্ট্রেলিয়ায় শুধু টিকে থাকা নয়, ভালো কিছু করতে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের প্রথম বহর ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। দ্বিতীয় বহরও গতকাল রাতে দেশ ছেড়েছে। এই বহরে ছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ দলের আট সদস্য। অস্ট্রেলিয়া ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

হাবিবুল বাশার বলেন, অস্ট্রেলিয়া সফরে চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনো রয়েছে। তবে দুই সময়ের বাস্তবতা ও দলের লক্ষ্য এক নয়। ২৩ বছর আগে বাংলাদেশের প্রধান উদ্দেশ্য ছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী টিকে থাকা। এবার শুধু টিকে থাকার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে না দল; বরং ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাসকে একসময় পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যে লিটন দাসকে দলে ফিরে পাওয়া ইতিবাচক হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। নাহিদ রানাকে সম্ভবত পাওয়া যাবে না বলেও জানান তিনি। শরিফুল ইসলামকে পাওয়া গেলে সেটিও দলের জন্য বাড়তি সুবিধা হবে বলে মনে করেন বাশার। লিটনের ফেরায় বাংলাদেশের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সিরিজের লক্ষ্য সম্পর্কে হাবিবুল বাশার বলেন, দলের সবাই এই সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত। ক্রিকেটারদের সঙ্গে ইতোমধ্যে যতটুকু আলোচনা হয়েছে, অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর তাদের সঙ্গে আরও বিস্তারিত কথা হবে। প্রত্যেকেই নিজের ক্যারিয়ারে স্মরণীয় কিছু অর্জন করতে চায়।

তিনি বলেন, অস্ট্রেলিয়া শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে কাজটি মোটেও সহজ হবে না। তারপরও বাংলাদেশের ক্রিকেটাররা এমন একটি পারফরম্যান্স দিতে চান, যা তারা পুরো ক্যারিয়ারে মনে রাখতে পারবেন এবং যা তাদের জীবনের অন্যতম সেরা অর্জন হয়ে থাকবে। কঠিন চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হলেও দলের সবাই ইতিবাচক মনোভাব নিয়ে সফরে যাচ্ছে বলে জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD