বিপিএল বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে, প্রশ্ন বিসিবি পরিচালকের

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার আভাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন দেশের ক্রিকেটাররা। বিশেষ করে যারা ঘরোয়া ক্রিকেটের আয়ের ওপর নির্ভরশীল, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
বিপিএল আয়োজন নিয়ে সম্প্রতি বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালও কথা বলেছেন। আগের মতো তাড়াহুড়ো করে আয়োজন না করে আরও পরিকল্পিত ও গোছানোভাবে টুর্নামেন্টটি নতুন করে শুরু করার কথা জানিয়েছেন তিনি।
বিপিএল মাঠে না গড়ালে এর সরাসরি প্রভাব পড়বে ক্রিকেটারদের আয়ে। জাতীয় দলের ২০ থেকে ২৫ জন ক্রিকেটার ছাড়া দেশের অধিকাংশ খেলোয়াড়কে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ওপর নির্ভর করতে হয়। এর মধ্যে চলতি মৌসুমে ডিপিএলের পারিশ্রমিকও কমেছে।
এমন পরিস্থিতিতে পুরোনো কাঠামো ও নানা বিতর্কের মধ্যেই বিপিএল আয়োজন কতটা যৌক্তিক—সেই প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার মতে, গত কয়েক বছরে বিপিএল বাংলাদেশ ক্রিকেটকে কতটা উপকার করেছে, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নানা সমস্যা, আর্থিক ক্ষতি ও বিতর্কের পরও আগের কাঠামোয় বিপিএল আয়োজনের পক্ষে থাকা উচিত কি না, তা নিয়ে ভাবতে হবে। একই সঙ্গে গত কয়েক বছরে এই টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটকে আসলে কী দিয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া দরকার।
বিসিবি পরিচালক আরও বলেন, ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ বাড়ানো এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কয়েকটি নতুন টুর্নামেন্ট চালু করেছে বিসিবি। এমন অবস্থায় আগের কাঠামোয় বিপিএল আয়োজন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।
তবে কোনোভাবেই বিপিএল পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে নন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বরং তার মতে, এক বছরের জন্য দায়সারাভাবে আয়োজনের চেয়ে সময় নিয়ে একটি কার্যকর ও টেকসই কাঠামো তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
তার ভাষ্য, কোনো রকমে একটি মৌসুম আয়োজন করার চেয়ে এই সময়কে কাজে লাগিয়ে বিপিএলকে সঠিক ও টেকসই কাঠামোর ওপর দাঁড় করানো উচিত। এরপর ভবিষ্যতে সুগঠিত এবং যতটা সম্ভব ত্রুটিমুক্ত টুর্নামেন্ট আয়োজন করা গেলে সেটি ক্রিকেটপ্রেমীদের জোরালো সমর্থন পাওয়ার যোগ্য হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে বিপিএল আয়োজন না হলেও ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিপিএলের পরিবর্তে অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করা গেলে ক্রিকেটারদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। সেটি বিপিএলের মতো বড় না হলেও ক্রিকেটাররা মাঠে খেলতে চান এবং খেলার মাধ্যমেই নিজেদের প্রাপ্য পারিশ্রমিক নিশ্চিত করতে চান।
তবে প্রতি বছর বিপিএল আয়োজন করলেই হবে না—টুর্নামেন্টটি একটি শক্তিশালী ও সঠিক কাঠামোর মধ্যে আয়োজনের ওপর জোর দিয়েছেন কোয়াব সভাপতি। পাশাপাশি ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মিঠুনের মতে, সবাইকে এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যেখানে ক্রিকেটার, বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা হয়। দুর্বল ব্যবস্থাপনায় প্রতি বছর বিতর্ক তৈরি করে বিপিএল আয়োজন করা উচিত নয়। একই সঙ্গে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।








