Logo

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১২:৫২
জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল
ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বরে নির্ধারিত সাদা বলের সিরিজটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে আগামী বছরের জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে।

বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময়ের জন্য কাজ করছে।

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে সফরটি নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালও কথা বলেন। তিনি জানিয়েছিলেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সিরিজ নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনে সূচির তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পরিবর্তনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজও পিছিয়ে যায়।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে বোর্ডের সিদ্ধান্তে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি।

তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছিল। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছিল। কিন্তু এখন সেই সূচি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: এএনআই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD