৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৪৫ রানে অলআউট করে ১২৪ রানের বড় জয় পেয়েছে ভারত। এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল পাকিস্তান।
বিজ্ঞাপন
নিশিন করোগি স্পোর্টস পার্কে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শক্তিশালী দল নিয়ে আসা ভারত শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে।
ভারতের হয়ে সবচেয়ে কার্যকর ইনিংস খেলেছেন ইশান কিষাণ। ৪৬ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি। ওপেনার বৈভব সূর্যবংশী ২১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় করেন ৩৮ রান।
তবে ভারতের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। অভিষেক শর্মা ৭, সঞ্জু স্যামসন ৭ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৩ রান করে আউট হন। শ্রীলঙ্কার হয়ে থারিন্দু রত্ননায়েক ও সাহান আরাচিগে দুটি করে উইকেট নেন।
বিজ্ঞাপন
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে দুটি উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় মাত্র ৯.৫ ওভারেই ৪৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলের পক্ষে একমাত্র নুয়ানিন্দু ফার্নান্দো দুই অঙ্কের রান করতে পেরেছেন। তিনি করেন ১৫ রান। শ্রীলঙ্কার পাঁচ ব্যাটার কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
ভারতের বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা দুটি করে উইকেট নেন। ইনিংসের শেষ দুই বলে উইকেট নেন অভিষেক। ফলে ফাইনালের প্রথম বলে আরেকটি উইকেট পেলে তার সামনে হ্যাটট্রিকের সুযোগ থাকবে।
বিজ্ঞাপন
এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্ণপদকের লড়াইয়ে আগামী ৩ অক্টোবর সকাল ১০টায় ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। একই দিন সকাল ৬টায় ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।








