Logo

বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ১৮:২৬
বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বৈশ্বিক পরিসরে আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিতব্য এই আয়োজনে ১৯১টি দেশের অংশগ্রহণের মধ্যে নিজেদের গ্রুপে সেরা হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

বিজ্ঞাপন

‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। বয়সভিত্তিক পর্যায়ে আগে মহাদেশীয় ও আঞ্চলিক পর্যায়ে ফেস্টিভ্যাল আয়োজন করা হলেও এবারই প্রথম এ আয়োজনকে বৈশ্বিক রূপ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে নকআউট পর্বে। গ্রুপসেরা হতে না পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে।

বিশ্বকাপে নিজেদের লক্ষ্য সম্পর্কে বাংলাদেশ দলের অধিনায়ক ফাহিম হাসান বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’

বিজ্ঞাপন

গ্রুপে ওয়েলস ও পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও আত্মবিশ্বাসী ফাহিম। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেস্টিভ্যালের ম্যাচগুলো হবে ২০ মিনিট করে দুই অর্ধে। প্রতি দলে খেলবে আটজন করে ফুটবলার। আগামী ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্যস্ত সূচি নিয়ে বাংলাদেশের কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’

বিজ্ঞাপন

বাফুফে ভবনে দলের খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’

এ সময় অধিনায়ক ফাহিম দলের খেলোয়াড়দের জন্য উন্নতমানের বুটের অনুরোধ জানান। জবাবে প্রতিমন্ত্রী দলের সব খেলোয়াড়কে বুট এবং দুই গোলরক্ষককে উন্নতমানের গ্লাভস উপহার দেওয়ার ঘোষণা দেন। বিশ্বকাপে ভালো ফলাফল করতে পারলে আরও সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD