ব্যালন ডি’অরের দৌড়ে রোনালদোর ধারেকাছে নেই মেসি

ব্যালন ডি’অরের ইতিহাসে শ্রেষ্ঠত্বের প্রশ্নে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা নতুন করে আলোচনায় এসেছে। সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নির্বাচনে আয়োজিত এক ভোটাভুটিতে মেসির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।
বিজ্ঞাপন
গত কয়েক বছরে ব্যক্তিগত এই পুরস্কারের লড়াইয়ে দুজনকে আর আগের মতো দেখা না গেলেও তাঁদের মধ্যে কে সেরা, সেই বিতর্ক থামেনি। দীর্ঘ সময় ধরে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখা এই দুই তারকা সম্মিলিতভাবে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর।
এবার ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে সর্বকালের সেরা বিজয়ী মৌসুম বেছে নিতে ভক্তদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন অন্তত দুইবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তি ফুটবলার। অক্টোবরের শুরুতে শুরু হওয়া এই ভোটাভুটি চলবে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। এখানে কোনো একজন ফুটবলারকে সর্বকালের সেরা ঘোষণা করা হবে না; বরং তাঁদের ব্যালন ডি’অরজয়ী মৌসুমগুলোর মধ্যে সেরাটি বেছে নেওয়া হবে।
রোনালদো ও মেসির পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও, নেদারল্যান্ডসের মার্কো ফন বাস্তেন ও ইয়োহান ক্রুইফ, ফ্রান্সের মিশেল প্লাতিনি, জার্মানির কার্ল হেইঞ্জ রুমেনিগে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইংল্যান্ডের কেভিন কিগান এবং ইতালি-আর্জেন্টিনা ফুটবল ঐতিহ্যের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই তারকাদের মধ্যে ব্রাজিলের রোনালদো ১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর জেতেন। ফন বাস্তেন পুরস্কারটি পান ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২ সালে। অন্যদিকে প্লাতিনি ও ক্রুইফও তিনবার করে এই সম্মান অর্জন করেছেন।
ভোটাভুটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এতে অংশ নিতে প্রতিবার এক ইউরো খরচ করতে হচ্ছে। লটারিতে নির্বাচিত একজন ভোটারকে চলতি বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট দেওয়ার পাশাপাশি ট্রফির একটি বিখ্যাত ছবি ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে। ভোটাররা চাইলে একই খেলোয়াড়ের নির্দিষ্ট মৌসুমে একাধিকবার ভোট দিতে পারবেন। পাশাপাশি প্রতিটি মৌসুমের প্রাপ্ত ভোটের শতকরা হারও দেখা যাচ্ছে।
প্রকাশিত ভোটের হিসাবে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম সবচেয়ে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ওই মৌসুমের পক্ষে পড়েছে ৬২ শতাংশ ভোট। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেবার নিজের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।
বিজ্ঞাপন
অন্যদিকে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুম পেয়েছে ১৩ শতাংশ ভোট। ওই বছর বার্সেলোনার হয়ে অসাধারণ গোল করার পাশাপাশি এক পঞ্জিকাবর্ষে ৬৯ ম্যাচে ৯১ গোলের নজির গড়েছিলেন আর্জেন্টাইন তারকা। সেই পারফরম্যান্সের সুবাদে টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতে ইতিহাস সৃষ্টি করেন তিনি।
মেসির ২০২৩ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমও ভোটের তালিকায় রয়েছে। এখন পর্যন্ত এ মৌসুমের পক্ষে পড়েছে ৯ শতাংশ ভোট। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পাশাপাশি প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ৪১ ম্যাচে ২১ গোল ও ২০টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ওই সময়ে তাঁর দল লিগ ওয়ান ও ফরাসি সুপার কাপের শিরোপাও জেতে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে রোনালদোর ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম ৭ শতাংশ ভোট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। তাঁর ২০১৬ সালের পুরস্কারজয়ী মৌসুম পেয়েছে ২ শতাংশ ভোট।
ভোটের এই চিত্রে আপাতত রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা শেষ হতে এখনো সময় বাকি। ফলে ভোটের শেষ পর্যায়ে ব্যবধান কতটা বদলায়, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের বিষয়।








