৬৫ বছর বয়সে মাঠে নেমে গোল করলেন রনি ব্রুনসউইক

বয়স ৬৫ বছর। তবু ফুটবলের প্রতি টান কমেনি একটুও। শুধু মাঠে নামাই নয়, নিজেই নিজের নাম রেখেছেন দলের একাদশে। এরপর পেনাল্টি থেকে গোল করে আলোচনায় এসেছেন সুরিনামের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ইন্টার মোয়েনগোটাপো ক্লাবের মালিক রনি ব্রুনসউইক।
বিজ্ঞাপন
শনিবার পলিসি ভুয়েটবল ভ্রেন্ডেনের বিপক্ষে ইন্টার মোয়েনগোটাপোর ৫-০ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন ব্রুনসউইক। সুরিনামের শীর্ষ ফুটবল লিগে এটিই তার প্রথম গোল।
ম্যাচে তখন ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মোয়েনগোটাপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলে বল নিয়ে স্পটের দিকে এগিয়ে যান ব্রুনসউইক। ক্লাবের মালিক ও সাবেক কোচের এমন আগ্রহে সতীর্থরা বিস্মিত হয়ে থাকতে পারেন। শেষ পর্যন্ত ১২ গজ দূর থেকে শট নিয়ে বল জালে পাঠান তিনি। প্রতিপক্ষ গোলরক্ষকও শটটি ঠেকানোর তেমন চেষ্টা করেননি। গোলের পর দুই হাত তুলে উদ্যাপন করেন ৬৫ বছর বয়সী ব্রুনসউইক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এই সাবেক রাজনীতিক। তবে তার রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত অতীতও বিতর্কিত। ১৯৯৯ সালে মাদক পাচারের অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালত তাকে অনুপস্থিতিতে আট বছরের কারাদণ্ড দেন। নেদারল্যান্ডস ও সুরিনামের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় সেই সাজা ভোগ করতে হয়নি তাকে।
রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ফুটবলেও সক্রিয় ব্রুনসউইক। ২০২১ সালে ৬০ বছর বয়সে কনকাকাফ লিগে হন্ডুরাসের ক্লাব সিডি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেবার তার দল ৬-০ গোলে হেরে যায়। ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে খেলোয়াড়দের অর্থ বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তদন্ত শুরু করে কনকাকাফ। পরে দুই ক্লাবকেই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয় এবং ব্রুনসউইককে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এবার অবশ্য মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে ইন্টার মোয়েনগোটাপো। লিগের প্রথম তিন ম্যাচেই অপরাজিত দলটি। শনিবারের বড় জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ১১ বারের চ্যাম্পিয়নরা।








