দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ

হংকং সিক্সেস টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত এক উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে দলটি। বোল সেমিফাইনালের লড়াইয়ে এক ওভারেই ছয়টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার। শুধু তাই নয়, পরপর সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হাবিবুর রহমান সোহান। অন্যদিকে সাব্বির রহমান প্রত্যাশিত গতি তুলতে পারেননি। ৬ বলে ৭ রান করে দলীয় ৫২ রানের মাথায় বিদায় নেন তিনি। তবে সোহানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশের রান দ্রুত এগিয়ে যায়। মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৫৪ রান করেন এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বোলার ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে ছক্কার বৃষ্টি নামান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর নিয়ম অনুযায়ী অবসরে গেলে বাকি চার বলে চারটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। ফলে এক ওভারেই আসে ছয় ছক্কা।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা মারেন বাংলাদেশের অধিনায়ক আবু হায়দার রনি। এতে টানা সাত বলে সাতটি ছক্কা হজম করে দক্ষিণ আফ্রিকার বোলাররা।
বিজ্ঞাপন
শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসও বাংলাদেশের সংগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখে। পরে আবার ব্যাটিংয়ে নামেন সোহান। অপর প্রান্তে অধিনায়ক আবু হায়দার রনি ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৯ রানের বড় পুঁজি গড়ে বাংলাদেশ।








