ওয়ানডে-টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা মুশফিকের

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের পথচলার ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্ট খেলেই এই সংস্করণ থেকে অবসরে যাবেন তিনি। মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই হবে বাংলাদেশের জার্সিতে তাঁর শেষ টেস্ট।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’
তামিম আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।’
মুশফিকের অবসরের সিদ্ধান্তে নিজের মন খারাপের কথাও জানান বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’
এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্টে তাঁর সেঞ্চুরি ১৪টি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শেষ হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের মধ্য দিয়ে।








