ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণ কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’

দক্ষিণের অপরূপ সমুদ্রসৈকতখ্যাত কুয়াকাটা এখন শুধু সূর্যোদয়-সূর্যাস্ত দেখার জন্যই নয়, নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্যের স্পটের কারণেও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয়তা পেয়েছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত একটি মনোরম স্থান।
বিজ্ঞাপন
কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত এই স্থানটি সবুজ বনভূমি, বিস্তীর্ণ তৃণভূমি, লেক এবং সমুদ্রের ঢেউয়ের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের আধার। বিস্তীর্ণ সবুজ প্রান্তর, ছোট টিলা, নীল আকাশ ও নির্মল পরিবেশ এখানে সৃষ্টি করেছে এক নৈসর্গিক আবহ।
এখানে এসে পর্যটকরা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, ছবি তোলা, পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি এবং নিরিবিলি পরিবেশ উপভোগের সুযোগ পাচ্ছেন। অনেকেই এখানে তাঁবু টাঙিয়ে রাত কাটানোর অভিজ্ঞতাও নিচ্ছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো—একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার বিরল সুযোগ।
বিজ্ঞাপন
ঢাকা থেকে আসা পর্যটক নুরসাত ও সোহান দম্পতি বলেন, “একই জায়গা থেকে সূর্য ওঠা ও ডোবা—দুটোই দেখা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। পরিবেশও খুব শান্ত ও মনোরম।”
আরেক পর্যটক রায়হান সাব্বির বলেন, “এখানে এসে মনে হয় প্রকৃতির সঙ্গে মিশে গেছি। নীরবতা আর নির্মল বাতাস এক অন্যরকম প্রশান্তি দেয়।”
স্থানীয় ট্যুর গাইড আবু ছালেহ জানান, শুরুতে স্থানীয়দের কাছেই জায়গাটি ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত ছিল। পরে ভ্রমণব্লগার মি. লাক্সছুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে এর পরিচিতি বাড়তে থাকে।
বিজ্ঞাপন
এ ছাড়াও কুয়াকাটার আরেক আকর্ষণ ‘লাল কাঁকড়ার দ্বীপ’, যেখানে সৈকতের বালুচরে হাজার হাজার লাল কাঁকড়ার দৌড়ে বেড়ানোর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকাটি ধীরে ধীরে ইকো-ট্যুরিজমের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।
পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত উন্নয়ন করা গেলে ‘মিনি সুইজারল্যান্ড’ ও লাল কাঁকড়ার দ্বীপ কুয়াকাটার পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। এতে স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
বিজ্ঞাপন
তবে স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন পর্যটকের কারণে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে। সাউন্ড বক্স বাজানো, প্লাস্টিক বর্জ্য ফেলা ও ময়লা-আবর্জনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নিরিবিলি প্রকৃতি।
কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, সম্ভাব্য পর্যটন প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই বাস্তবায়ন করা হবে।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এসব স্থান কুয়াকাটাকে বহুমাত্রিক পর্যটন গন্তব্যে পরিণত করতে পারে।








