Logo

এপ্রিলে তাপপ্রবাহের পূর্বাভাস, থাকতে পারে ঘূর্ণিঝড়ও

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৪
এপ্রিলে তাপপ্রবাহের পূর্বাভাস, থাকতে পারে ঘূর্ণিঝড়ও
ছবি: সংগৃহীত

চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত থাকলেও তাপমাত্রা বেড়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিল মাসে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যদিও দিনের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

সমুদ্রের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া কালবৈশাখীর দাপটও দেখা দিতে পারে। দেশের বিভিন্ন এলাকায় পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি, এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বিদায়ী মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তরের কৃষি ও নদী ভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে প্রধান নদ-নদীর পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। দৈনিক গড়ে ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা সূর্যকিরণ পাওয়া যেতে পারে এবং বাষ্পীভবন ৩.০ থেকে ৫.০ মিলিমিটার হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD