Logo

৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৬
৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আগের রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আবহাওয়ায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকে, তাই বিশেষ করে নৌপথ ও উন্মুক্ত স্থানে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD