Logo

পহেলা বৈশাখে বৃষ্টি নাকি গরম, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৭:২৮
পহেলা বৈশাখে বৃষ্টি নাকি গরম, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে আবহাওয়ায় ভিন্নমাত্রা যোগ হতে পারে। দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নববর্ষের দিনসহ পরবর্তী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, তবে একই সঙ্গে তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল), অর্থাৎ পহেলা বৈশাখে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

পরদিন বুধবার (১৫ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে গরমের তীব্রতা কমার কোনো ইঙ্গিত নেই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন আবারও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সার্বিকভাবে আবহাওয়াবিদরা বলছেন, পহেলা বৈশাখে আংশিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে স্বস্তি মিলবে না। তাই উৎসব উদযাপনে বাইরে বের হলে রোদ ও গরমের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD