ঢাকায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকার আকাশে মেঘের আনাগোনা থাকলেও আপাতত স্বস্তির বৃষ্টির কোনো আভাস নেই। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দিনের বেশিরভাগ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের মধ্যে ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।
বিজ্ঞাপন
অন্যদিকে, আগের রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তবে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, ফলে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
বিজ্ঞাপন








