বাড়ছে গরমের তীব্রতা, ৩৬ থেকে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

দেশজুড়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামীকাল থেকে ২৫-২৬ এপ্রিলের মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংস্থাটি এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, সামনের কয়েকদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এবং পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছানোর শঙ্কা রয়েছে। এমনকি দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪০° সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাগুলোতে দিনের তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে তাপমাত্রা ৪০° ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তীব্র গরমে জনস্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা তুলে ধরে সংস্থাটি হিটস্ট্রোক থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতার কথাও জানিয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, তাই এ সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিনের বেলায় ঘরের ভেতরে বা তুলনামূলক ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করার ওপর জোর দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত ঠান্ডা বা ফ্রিজের কনকনে পানি পান না করার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি, কারণ এতে শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। সার্বিকভাবে, আসন্ন তাপপ্রবাহ মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।








