ঢাকায় আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় বাতাস উত্তর কিংবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে।
বিজ্ঞাপন
সকাল ৬টার তথ্য অনুযায়ী, রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।
বিজ্ঞাপন
অন্যদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
তাপপ্রবাহ প্রসঙ্গে জানানো হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।








